অপারেটিং সিস্টেম ও ডাটাবেজ সফটওয়্যারের দাম বাড়বে

 

দেশে অপারেটিং সিস্টেম (ওএস) এবং ডাটাবেজ সফটওয়্যার তৈরি হয় না। এ দুটো পণ্য আমদানি করেই বাংলাদেশকে চলতে হয়। পণ্য দুটোর ওপর এতোদিন ৫ শতাংশ হারে আমদানি শুল্ক ছিল। এবার তা বাড়িয়ে ২৫ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে এই দুটো পণ্যের দাম বাড়বে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এটা কার্যকর হলে প্রযুক্তি সংক্রান্ত সব জায়গায় খরচ বাড়বে। 

বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কিছু সংখ্যক সফটওয়্যার আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান থাকলেও অধিকাংশ সফটওয়্যারের ক্ষেত্রে ২৫ শতাংশ আমদানি শুল্ক রয়েছে। তাই দেশীয় সফটওয়্যার শিল্পের প্রতিরক্ষণের বিষয়কে গুরুত্ব দিয়ে সফটওয়্যার আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ১৫ শতাংশ মূসকও আরোপের প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দেশের সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেনন,  অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় দেশীয় সফটওয়্যার খাতের সুরক্ষার কথা বলেছেন। কিন্তু সুরক্ষা হলো কোথায়? এটা তো বুমেরাং হলো। অপারেটিং সিস্টেম (ওএস) এবং ডাটাবেজের ওপর আগে ৫ শতাংশ আমদানি শুল্ক ছিল। এবার তা বাড়িয়ে করা হলো ২৫ শতাংশ। কিন্তু আমরা তো এগুলো বানাই না। আমাদের কিনে আনতে হয়। এগুলোর ওপর কর বাড়ানো মানে সব জায়গায় খরচ বাড়বে। আমাদের সব সময়ের দাবি এই দুটোর ওপর শুল্ক কম করে রাখা হোক। সেটা এবার রাখা হয়নি। তিনি আরও বলেন, এই বাজেটে সফটওয়্যার খাতের স্বার্থরক্ষা হয়নি।

তিনি জানান, বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী দেশীয় সফটওয়্যার উৎপাদনের ওপর ৫ শতাংশ ভ্যাট প্রস্তাব করেছেন। এটা আগে ছিল না। এতে সফটওয়্যার বিষয়ক খরচ বাড়বে। তিনি বলেন, এই প্রস্তাবনার ফলে বাজেটে এবার দেশীয় সফটওয়্যার খাতের কোনও স্বার্থ রক্ষা হয়নি।

Post a Comment

0 Comments